আগ্রা দুর্গে ইতিহাসের প্রতিধ্বনি


News Desk
আগ্রা দুর্গে ইতিহাসের প্রতিধ্বনি
  • Font increase
  • Font Decrease

ষ্টির মধ্যে সকাল হলো আগ্রায়। কদিন ধরেই উত্তর ভারতে অবিরাম বর্ষণের রেশ থেমে থেমে চলছে। সকালের শুরুতে তাজমহলের দিকে এক চক্কর দেওয়ার ইচ্ছা ছিল, সেটা স্থগিত করতে হলো। কিছুক্ষণ হোটেলে অপেক্ষার পর বৃষ্টি সহনীয় হলে চলে এলাম আগ্রা দুর্গে।

আগ্রা দুর্গ নামটি শুনে মনে হতে পারে পারে যে, এটি কোনও সামরিক ছাউনি বিশেষ। আসলে মোটেও তা নয়। আগ্রা দুর্গ হলো একটি আস্ত শহর। মুঘল সচিবালয়, বাসগৃহ, সামরিক স্থাপনা মিলিয়ে দুর্গ-ঘেরা পরিকল্পিত এক রাজধানী।

তাজমহল থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত আগ্রা দুর্গের সামনে শাহজাহান গার্ডেন। বিশাল মুঘল উদ্যান আর আগ্রা দুর্গের মাঝখান দিয়ে চলে গেলে বিশাল এভিনিউ। দাঁড়িয়ে দেখলাম সুউচ্চ প্রাচীর ঘেরা দুর্গ-নগরী।

৯৪ একর আয়তন বিশিষ্ট অতিকায় আগ্রা দুর্গে প্রবেশের দুটি প্রধান প্রবেশ তোরণ আছে। একটির নাম অমর সিং গেট, যাকে লাহোর গেটও বলা হয়। আরেকটি দিল্লি গেট, যা দুর্গের পশ্চিমাংশে অবস্থিত। বর্তমানে দিল্লি গেট বন্ধ আর একমাত্র প্রবেশ পথ হলো অমর সিং গেট। তবে দুর্গের আরও দুটি ছোট আকারের প্রবেশ পথ আছে, যাতে প্রয়োজনে চারদিক দিয়েই আসা-যাওয়া, সৈন্য পরিচালনা করা যেতো। বর্তমানে দুর্গের অনেকটাই ভারতীয় সেনাবাহিনীর দখলে। ভারতীয় সেনাবাহিনীর প্যারাসুট ব্রিগেডের সদর দফতর আগ্রা দুর্গের উত্তরাংশে অবস্থিত।

আগ্রা দুর্গ হলো একমাত্র স্থান, যেখানের ভারতের সব শাসকরাই কর্তৃত্ব করেছে। আফগান-গজনির শাসকরা আগ্রায় প্রথমে একটি ছোট্ট সামরিক ছাউনি গড়েন এই দুর্গের স্থানে। পরে চৌহান, রাজপুত, জাঠ, শিখরা এখানে কর্তৃত্ব করেন। মুঘল-পূর্ব মুসলিম শাসকরা দিল্লি দখল করে রাজধানী স্থাপন করলেও এক পর্যায়ে সিকান্দার লোদি সেখানে রাজধানী নিয়ে আসেন ষোড়শ শতকে।

পানিপথের প্রথম যুদ্ধ জয়ী হয়ে মুঘলরাজ বাবুরও এ দুর্গ থেকেই রাজত্ব করেন। পুত্র হুমায়ূনের রাজ-অভিষেকও আগ্রা দুর্গে সম্পন্ন হয়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আকবরের জীবনীকার আবুল ফজল ‘আইন-ই-আকবরি’ গ্রন্থে জানিয়েছেন। তা হলো আগ্রা দুর্গ নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন বাংলার কারিকরগণ, সঙ্গে ছিলেন গুজরাতের শ্রমিকরা।

হুমায়ূনের শাসনামলে বাংলার শাসক আফগান-সুরি বংশ শের শাহের নেতৃত্বে ভারত দখল করে আগ্রা থেকে শাসন চালায়। পরে মুঘলরা আবার ভারতের ক্ষমতা দখল করলে আগ্রার দুর্গ হয় শাসনের মূল কেন্দ্র। আকবর আগ্রা দুর্গকে বিশাল আকারে নির্মাণ করেন। তিনি কিছুদিনের জন্য রাজধানী পাশের ফতেহপুর সিক্রিতে নিয়ে গেলেও পরবর্তী শাসকরা আগ্রাকেই রাজধানী হিসাবে বেছে নেন। পরে রাজধানী কিছু দিনের জন্য লাহোর এবং আরও পরে দিল্লি স্থানান্তরিত হলেও মুঘল শাসনে আগ্রার গৌরব, শক্তি ও ঐতিহ্য সমুন্নত ছিল। ফলে আগ্রা দুর্গের প্রতিটি বালি-কণা ও ইটে-পাথরে ইতিহাসের জানা-অজানা বহু কথা ধ্বনিত-প্রতিধ্বনিত হয়। আগ্রা দুর্গের শরীরে লেপ্টে আছে সুপ্রাচীন ইতিহাসের প্রলেপ।

আগ্রার দুর্গ একজনের হাতে নয়, অনেক মুঘল নৃপতির দ্বারা সংস্কার ও পরিবর্ধন লাভ করে। তবে আকবরের সময় এর সর্বোচ্চ বিকাশ হয়। তিনি রাজস্থানের লাল বেলে পাথর দিয়ে আগ্রা দুর্গের ভেতরে অনেকগুলো স্থাপনা নির্মাণ করেন এবং সুউচ্চ প্রাচীর দিয়ে পুরো স্থাপনাকে পরিবেষ্টন করেন। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহান বেশ কিছু প্রাসাদ, মহল নির্মাণ করেন।

আগ্রার দুর্গস্থ সমগ্র এলাকা অর্ধবৃত্তাকারে সুপরিকল্পিতভাবে নির্মিত। প্রবেশ তোরণ থেকে শুরু করে দুর্গের প্রতিটি স্থাপনা অত্যন্ত সুনির্মিত ও কারুকার্যময়। লাল বেলে পাথরের সঙ্গে সাদা মার্বেলের ব্যবহারও দুর্গটির বিশেষ নির্মাণ বৈশিষ্ট। ভাবগাম্ভীর্যপূর্ণ দুর্গের দিকে তাকালেই গা ছমছম করে। ঝলকায় মুঘলদের সুনিপুণ নির্মাণশৈলী ও আভিজাত্য।