বছর জুড়ে পুঁজিবাজারে ছিল প্লেসমেন্ট কেলেঙ্কারি
২০১০ সালের মহাধসের নয় বছর পর ২০১৯ সাল ছিলো পুঁজিবাজারের ইতিহাসে আরেক দফা ধসের বছর। এই বছর ছোট-খাটো ৯-১০টি ইস্যু থাকলেও সবচেয়ে বড় কেলেঙ্কারি ছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত-অতালিকাভুক্ত কোম্পানিগুলোর প্লেসমেন্ট বাণিজ্য।
গত আট-নয় বছরে ৮০টির বেশি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) মাধ্যমে পুঁজিবাজার থেকে অন্তত ৪০-৪৫হাজার কোটি টাকা তুলে নেয়। আর দেশের পুঁজিবাজারে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ঢাকা স্টক এক্সচেঞ্জের দুজন সাবেক পরিচালক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যোগসাজশে।
এর আগে ২০০৯-১০, ২০১১ সালে নবী উল্লাহ নবীর নেতৃত্বে ‘গ্রীন বাংলা’ নামক প্রতিষ্ঠানে প্লেসমেন্ট বাণিজ্য হয়েছিলো। এই প্লেসমেন্ট বাণিজ্যেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। তাতে ১ লাখ ৫০ হাজার নতুন বিনিয়োগকারী পুঁজিবাজার ছেড়েছেন।
কেবল প্লেসমেন্ট বাণিজ্যের ইস্যুতেই ডিএসইর সঙ্গে বিএসইসি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় রাস্তায় নামে বিনিয়োগকারীরা। শুরু হয় নতুন করে আইপিওর অনুমোদন বন্ধ রাখার অন্দোলন। এর ফলে কমিশন ২০১৯ সালে প্রায় ৯ মাস আইপিওর অনুমোদন বন্ধ রাখে। ফলে ২০১০ থেকে ২০১৯ এই ৯ বছরের মধ্যে সবচেয়ে কম কোম্পানির আইপিওর অনুমোদন দেয় বিএসইসি। এই বছর ৮টি কোম্পানি পুঁজিবাজার থেকে ৬৪১ কোটি ৯৩ লাখ টাকা সংগ্রহ করে।
নাম না প্রকাশের শর্তে ডিএসইর পরিচালক বার্তা২৪.কমকে বলেন, পুঁজিবাজারের এই অবস্থার মূল কারণ কেবল অনৈতিক প্লেসমেন্ট বাণিজ্য। প্লেসমেন্ট বাণিজ্য না হলে, কোনো ইস্যু পুঁজিবাজারকে ‘ঘায়েল’ করতে পারতো না। বিদেশিরা বাজার ছাড়তো না। দেশি ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজার বিমুখ হতেন না।
তিনি বলেন, এই ইস্যুতেই ডিএসইর সঙ্গে বিএসইসি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। সব যোগ্যতা থাকার পরও কে এ এম মাজেদুর রহমানকে ডিএসইর এমডি হিসেবে মনোনীত করেনি বিএসইসি। ডিএসইর শেয়ার ব্যবসা কমাতে নতুন আরেকটি স্টক এক্সচেঞ্জ গঠনের উদ্যোগ নিচ্ছে কমিশন। আর ডিএসই ও কমিশনের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা। আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ হচ্ছে পুঁজিবাজারের মর্যাদা। এরপর নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে।


