মায়ের কাছে শোনা বঙ্গবন্ধুর কথা
আমাদের ছোটবেলায় বঙ্গবন্ধু একপ্রকার নিষিদ্ধই ছিল। মা বলতেন, “তোর জন্ম এরশাদের আমলে, স্কুলে ভর্তি হয়েছিস খালেদা জিয়ার আমলে, তখনকার বাতাসে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এইসব ছিল না।” ঐ সময়ের রেডিও, টেলিভিশন, বই, পত্রপত্রিকা কিংবা অন্য কোথাও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। ’৯১-এর নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি যখন সরকার গঠন করে, তখন রেডিও টেলিভিশনে মেজর জিয়ার সেই পুরনো ভাষণটি প্রচার হয়। এখনো স্পষ্ট মনে আছে, সেদিনে বিকেলের দিকে টেলিভিশনে প্রচার হচ্ছে মেজর জিয়ার ভাষণ, বাবা বললেন—“অন বিহাফ অফ শেখ মুজিব, কথাটা কেটে দিয়েছে।” তখন এসব রাজনৈতিক জটিলতা বুঝবার মতো বয়স যে হয়নি সেটা বলা বাহুল্য। মা বাবার মুখেই প্রথম শুনেছিলাম মুক্তিযুদ্ধের কথা বঙ্গবন্ধুর কথা। বঙ্গবন্ধু কে, উনি দেশের জন্য কী করেছেন, এই উপমহাদেশ কত বড় মাপের নেতা পেয়েছিল এই ব্যাপারগুলো অনুধাবন করার শুরুটা বাবা মায়ের মুখে শোনা কথা থেকেই।
প্রায় রাতেই মা যুদ্ধের কথা বলতেন, একাত্তরের গল্প করতেন। শুনতাম, বঙ্গবন্ধু কিভাবে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। শুনতাম, ৭ই মার্চের ভাষণের কথা। পাকিস্তানী মিলিটারি বাহিনীর নৃশংসতার গণহত্যার কথা। মানুষের এক গ্রাম থেকে আরেক গ্রামে পালিয়ে বেড়ানোর কথা। ভিটেবাড়ি ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থীর কথা! আমার মায়ের বয়স তখন খুব কম সম্ভবত আট নয় বছর কিন্তু মায়ের বড় বোন আমার তিন মাসী তখন তরুণী। মিলিটারি আর রাজাকারদের ভয়ে তারা কেমন করে বাড়ির পিছনের বিলে কচুরীপানার ভেতর, কিংবা ঝোঁপেঝাড়ে মাটির গর্তে লুকিয়ে দিন রাত পার করতেন। সংখ্যালঘু হবার কারণে সর্বক্ষণ বাড়তি আতঙ্কে থাকার কথা। মা বলতেন, মুক্তিযোদ্ধাদের কষ্টের কথা। কিভাবে মুক্তিযোদ্ধারা সাধারণ অস্ত্রশস্ত্র আর অসাধারণ দুঃসাহস নিয়ে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিলেন। বঙ্গবন্ধুকে যুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটকে রাখার গল্পও করতেন। বলতেন, “এদিকে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, পাক মিলিটারিরা মুক্তি বাহিনীর কাছে মার খাচ্ছে, তাই ওরা শেখ মুজিবকে ভয় দেখানোর জন্য জেলখানার বাইরে কবর খোঁড়া শুরু করে। কিন্তু সে


