অস্ত্রোপচারকালে গলা কেটে শিশু হত্যার অভিযোগ

অস্ত্রোপচারকালে গলা কেটে শিশু হত্যার অভিযোগ

নাটোর সদর হাসপাতালে গলায় আটকানো বাঁশি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের সময় আরিফুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আরিফুল সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে ও গুরুদাসপুরের খোলাকান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে খেলার সময় বাঁশি বাজাতে গিয়ে তা আরিফুলের গলায় ঢুকে আটকে যায়। তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী মোহাম্মদ আলী রাসেল জরুরি বিভাগে শিশুটির গলা কাটলে রক্তক্ষরণ শুরু হয়। এতে শিশু আরিফুলের মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী মোহাম্মদ আলী রাসেল জানান, শিশুটির শ্বাসনালীতে কৃত্রিম নল স্থাপনের সময় অবস্থার অবনতি হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালের জরুরি ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়নি।

তবে সাংবাদিকদের এ বক্তব্য দেয়ার পর আত্মগোপনে চলে যান তিনি।

সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনসারুল হক জানান, অস্ত্রোপচারের সময় কী ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছে আরিফুলের পরিবার।