বেলাভূমিতে বাড়ছে টুরিস্টদের উৎপাত, করোনার আশঙ্কা উড়িয়ে সাগরে হুল্লোড়

বেলাভূমিতে বাড়ছে টুরিস্টদের উৎপাত, করোনার আশঙ্কা উড়িয়ে সাগরে হুল্লোড়

দেশের পর্যটকদের স্রোত এখন কক্সবাজারমুখী। করোনাকালে ঘরবন্দী মানুষের উড়ুউড়ু মন আর পাঁচমাসের অচলাবস্থার মুখে বাঁধভাঙা জোয়ার এসেছে বাংলাদেশের শীর্ষ ভ্রমণস্পট কক্সবাজারে। করোনার আশঙ্কাকে তুড়ি মেরে ছুটছে সবাই সাগরের নীল জলের দিকে।

করোনার সংক্রমণ ঠেকাতে গত ১৮ মার্চ থেকে দেশের সব পর্যটনকেন্দ্রেতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারও। ফলে পাঁচমাসের করোনাকালে কোলাহলহীন সৈকত ‘রিস্টার্ট’ নিয়েছে। কিন্তু গত একসপ্তাহের চিত্র ও দুই দিনের সরেজমিন পর্যবেক্ষণ বলছে, সৈকত রাজ্যের সুনসান নীরবতার সবুজ গালিচা ভেঙে দিয়েছে মাতোয়ারা পর্যটকের দল।