প্রকৃতিতে এখন শীতের আমেজ। হালকা কুয়াশার আবরণে রয়েছে পাহাড়ি প্রকৃতির চারদিক। তবে সূর্য এসে তীব্রতা ছড়ানোর সাথে মুহূর্তে কোথায় যেন হারিয়ে যায় সেই বুনো কুয়াশা। এ যেন রহস্যঘেরা প্রকৃতির ঝলক।
এমন কুয়াশা আর সূর্যালোককে ঘিরে গাড়ির গতি তখন পাহাড়ি বনের দিকে। বারের হিসেবে আজ শুক্রবার। যারা অফিসকর্তা তাদের আজ সাপ্তাহিক ছুটি। গমনপথে অনেক অফিসকর্তাদের ভিড় পথে পথে লক্ষ্য করা গেলো। তবে কি মানুষ বুনোপ্রকৃতির ছোঁয়া পেতে এমন একাকী বিক্ষিপ্তভাবে অরণ্যযাত্রী হতে চায় বারবার?
ভোর থেকেই আমাদের বিরতিহীন গাড়ির গতি পৌঁছে গেল অরণ্যকূলে। অপূর্ব সৌন্দর্যে প্রকাশিত চারদিক। বিশাল বিশাল গাছগাছালি আর নাম না জানা অসংখ্য পাখির ডাক এই অরণ্যকে স্বর্গীয় করে তুলেছে। প্রাণ যেন আর মানে না! মুহুর্তেই অরণ্যযাত্রী হতে চায়। নির্যাস নিতে চায় – ঘ্রাণ নিতে চায় নির্জন প্রান্তরের।
গাছের পাতা ছিড়ে ছিড়ে খাবার খেতে ব্যস্ত সে। ছবি: বার্তা২৪.কম
মন আর চোখের সীমানায় তখন বন্যপ্রাণী দেখার অনুসন্ধানী তীক্ষ্ণ দৃষ্টি। গাছে গাছে। পাতায় পাতায়। কিংবা ডালে ডালে। না, কিছু তো নেই! ইতোমধ্যে সময় গড়িয়ে গেছে ঢের। কাঙ্ক্ষিত লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করে পুনরায় ফিরতে হবে নিজ গৃহকোণে। কিন্তু কিছু একটা তো ক্যামেরায় তুলে ধরা চাই - স্মৃতি রাখা চাই হৃদয়ে।
হঠাৎই সফলতা। পাওয়া গেছে! আনন্দে নেচে উঠলো মন। লাল হনুমান! গাছের সুউচ্চ ডাল আর পাতাদের ভিড়ে অস্পষ্ট। দেখা যাচ্ছে না ভালো করে। তবে কিছুটা আপছাভাবে বোঝা যাচ্ছে - বেচারা তখন ব্রেকফাস্ট অর্থাৎ প্রাতঃরাসের ব্যস্ত। ডান হাত, বাম হাত দিয়ে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর তাকাচ্ছে এদিক-ওদিক।
লাল হনুমানের ইংরেজি নাম Capped Leaf Monkey এবং বৈজ্ঞানিক নাম Trachypithecus pileatus। লাল হনুমান ছাড়াও একে বাংলায় মুখপোড়া হনুমান বলে। এরা দিবাচর এবং বৃক্ষবাসী স্তন্যপ্রাণী। এদের মুখ কালচে এবং দেহের রং উজ্জ্বল হালকা কমলা। এদের লেজ দীর্ঘ হয়ে থাকে। সচারাচর একা বা দলে ঘুরে বেড়ায়। তাদের খাদ্য তালিকায় রয়েছে বুনোগাছের ফল, ফুল, পাতা ইত্যাদি।
বৃক্ষহীন প্রকৃতিতে ধীরে ধীরে বিপন্ন হয়ে পড়ছে তারা। ছবি: বার্তা২৪.কম
ইতোমধ্যে অন্যত্র বিদায়ের সময় ঘনিয়ে এলো। একটি প্রাণীকে একনাগারে ত্রিশ মিনিট বিশ্লেষণপূর্বক দেখার সময়টুকু নেহাত কম নয়। চিরসবুজ বন সুদর্শন হনুমানের দেখায় সার্থক হয়ে উঠলো।
দীর্ঘ গাছের চূড়ায় একটি লাল হনুমানের অবস্থান। বুনো প্রকৃতির পুরানো এই প্রতিনিধি আজ নানা দূষণের সাথে সংগ্রাম করে নিজেকে বাঁচিয়ে রেখেছে। একটা দূষণের নাম হলো- বৃক্ষহীন প্রকৃতি দূষণ। মানুষ নামক অদ্ভুত জীবটা বন্যপ্রাণীদের সুনির্দিষ্ট একটি এলাকা থাকতে দিয়ে – নিজের পরিবেশহীন স্বার্থের জন্য সেই এলাকার গাছপালা ধ্বংস করে ফেলছে। ফলে একমাত্র গাছের উপর নির্ভর করে থাকা প্রাণীরা আজ বড় বেশি অসুবিধার মধ্যে পড়েছে।
তাদের তো সেই শক্তি বা সামর্থ নেই যে মানুষ নামক অদ্ভুত জীবটার বিরুদ্ধে প্রতিশোধমূলক কিছু একটা করে দেখাবে। তবে বন্যপ্রাণীরা এর প্রতিশোধ না নিতে পারলেও প্রকৃতি ঠিকই সুদ এবং আসলে তার প্রতিশোধ নেবে।
দেহময় হালকা কমলা রঙের এই অপূর্ব সুন্দর হনুমানটার দিকে তাকিয়ে থাকতে থাকতে এ কথাগুলো মনে হলো। তখনই খুবই কষ্ট লাগলো ভেবে! সেই লাল হনুমানটি যেন মানবকূলের দিকে তাকিয়ে তার বুকভরা বেদনা নিয়ে শুধুই বলছে-
‘হে মানুষ, তোমরা প্রাকৃতিক হও। তোমরা প্রকৃতিকে নিজের মায়ের মতো ভালোবাসো। প্রকৃতির প্রতিটি জীববৈচিত্র্যকে নিজের সন্তানের মতোই ভালোবাসতে শেখো। মনে রেখো, প্রকৃতি সুস্থ না থাকলে তোমরা মানুষরা বাঁচবে না। বাঁচবে না তোমাদের পরবর্তী প্রজন্মও।’
shuvo