এনআইডি ইস্যুতে ‘একঘরে’ নির্বাচন কমিশন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অংশীদারিত্বের দাবিতে অনেকটাই ‘একঘরে’ নির্বাচন কমিশন (ইসি)। নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি গুরুত্বপূর্ণ উইং হওয়া সত্ত্বেও স্বরাষ্ট্রের এমন দাবির প্রেক্ষাপটে মতামত দেওয়ার কোন সুযোগই পাচ্ছে না সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তাদের সঙ্গে কোন বৈঠক ছাড়াই চূড়ান্ত মতামত দিতে যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত কমিটি।
জানা গেছে, এনআইডি নিবন্ধন কার্যক্রমে নিজেদের অংশের দায়িত্ব চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবের প্রেক্ষটে মন্ত্রিপরিষদ বিভাগের মতামত চাওয়া হয়। পরে মতামত তৈরির জন্য অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহ্মদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটি ইতোমধ্যে আনুষ্ঠানিক দুইটি বৈঠকও করেছে, সংগ্রহ করেছে আইন ও তথ্য উপাত্ত। এরই ভিত্তিতে চূড়ান্ত মতামত তৈরি করতে যাচ্ছে এই কমিটি।
ইসির কর্মকর্তারা বলছে, এনআইডিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার যে প্রস্তাব এসেছে সে বিষয়ে ইসিকে অবশ্যই মতামতের সুযোগ দেওয়া উচিত। কারণ যে সব ইস্যুকে ভিত্তি করে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে তার সমাধানও ইসির কাছে রয়েছে। আর এনআইডিতে সরকারের গুরুত্বপূর্ণ এজেন্সির একসেস এখনো রয়েছে, তারপরও কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি চাইছে, তা নিয়েও আলোচনা করা প্রয়োজন। আর যেসব বিষয়গুলো তাদের দরকার সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। সামগ্রিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত কমিটির সাথে বসলে অনেক বিষয়ই পরিষ্কার করা যাবে বলে মনে করছে ইসি।
মতামত দেওয়ার সুযোগই পাচ্ছে না ইসি
এনআইডি কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অংশীদারিত্বের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পাচ্ছে না ইসি। আইন ও বিধি-বিধানের ভিত্তিতে মন্ত্রিপরিষদের কমিটি মতামত দেওয়ার কারণেই এ সুযোগ পাবে না ইসির এনআইডি উইং।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, পুরো বিষয়টি আইনি, কার আইনে কি আছে, কার অথরিটি কি- সেসব কিছুই আইনে বলা আছে। এ বিষয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করার সুযোগে নেই, দরকারও নেই। 'এক্সিস্টিং' যে আইনগুলো আছে সেগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। বর্তমান সংবিধানিক ও অন্যান্য আইনে এনআইডি যে অ্যাক্ট আছে বা ভোটার আইডি আইন আছে বা পাসপোর্ট আইনসহ অন্যান্য আইন, বিধি-বিধান পর্যালোচনা করেছে কমিটি। সেগুলো পর্যালোচনা করে কমিটি মনে করেছে কাউকে এখানে ব্যক্তিগতভাবে ডাকার প্রয়োজন নেই। কমিটি শুধুমাত্র আইনের বিষয়গুলো তুলের ধরার চেষ্টা করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত কমিটির একজন সদস্য জানান, “আমরা যে বিভিন্ন উন্নয়ন সোপান রেখেছি, ২০২১ বা ২০৪০ সালে গিয়ে অন্যান্য উন্নত দেশের সঙ্গে কিভাবে তাল মেলাতে পারব, সেগুলো চিন্তা করেই আমরা কাজ করেছি। আমরা শর্ট টাইম কিছু এখানে রাখিনি। দীর্ঘমেয়াদী বিষয়গুলোকে নিয়ে আমরা সেভাবেই দেখার চেষ্টা করেছি। এসব নিয়ে একটি কাজও আছে, ভাইটাল স্ট্যাটিস্টিক্স। এটাও প্রধানমন্ত্রীর দুরদর্শিতা, এর মাধ্যমে সকল নাগরিকরা একটি কার্ড পাবেন এবং কার্ডে সকল কিছুই ইন্টিগ্রেটেড হবে। এক্ষেত্রে পৃথিবী অন্যান্য দেশে বিষয়টি স্পেসিফিক কাউকে দেওয়া হয় না। সেখানে একটা অথরিটি থাকে। যেমন কেবিনেট সব দেখাশুনা করে, কোন কোন ক্ষেত্রে জনপ্রশাসন থাকে। কিন্তু সবার সমান সুযোগ থাকে, এটা দরকার আছে। কোন একক মন্ত্রণালয় বা বিভাগে গেলে তারা তাদের কাজটি করতে পারবে, কিন্তু অন্যরা সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন।”
“যেহেতু অন্যান্য দেশে এটার প্র্যাকটিস আছে, সুতরাং এটা কঠিন কিছু হবে না। আমরা যেহেতু জনবহুল দেশ, তাই ইন্টিগ্রেটেড হতে একটু সময় লাগবে। আল্টিমেটলি আমাদের সেই প্রক্রিয়ায় যেতে হবে, সব তথ্য এক জায়গায় থাকবে, সেগুলো শেয়ার করবে।”
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত কমিটির অন্যতম সদস্য ও যুগ্মসচিব (বিধি ও সেবা এবং আইন) শফিউল আজিম বার্তা২৪.কমকে বলেন, “আমরা যার যার কাছ থেকে তথ্য নেয়া দরকার নিয়েছি। আমরা ফরমালি দুইটি মিটিং করেছি, আর এমনিতেও তো কাজ করেছি। আমরা মন্ত্রিপরিষদ সচিবের অনুমোদনের জন্য হয়ত তার সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে যতো দ্রুত সম্ভব মতামত পাঠিয়ে দেবো। আর মতামতের ক্ষেত্রে মিটিং দিয়ে ডাকার চেয়ে যাকে প্রয়োজন তাকে ডেকেছি, তথ্য উপাত্ত নিয়েছি। আর স্বরাষ্ট্র আমাদের সাথে সবসময়ই আছে, তাদের কাগজও তো রয়েছে আমাদের কাছে। এসব বিষয় দলিল ভিত্তিক হয়, সেখানে ব্যক্তিগতভাবে বলার কিছু থাকে না। কাগজে তারা নিজেদের বক্তব্যটা সম্পূর্ণ দিয়েছে।”
তাহলে কি ইসি মতামত দেওয়ার সুযোগই পাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি জানতে চেয়েছে, যতটুকু জানতে চেয়েছে আমরা সেটার মধ্যে সীমাবদ্ধ থাকছি। সবগুলোর যেহেতু ডকুমেন্টস আছে, আইন আছে, সেখানে ব্যক্তিগতভাবে কাউকে ডাকার সুযোগ নেই। আমাদের যা দরকার তার অনেককিছুই ওয়েবসাইটেও পাওয়া যায়।”


