টিভি দেখতে যাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা


News Desk
টিভি দেখতে যাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের তারাকান্দায় প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে কথা কাটাকাটির জেরে হালিমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত বৃদ্ধা উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আবু হানিফার স্ত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সন্ধ্যায় প্রতিবেশী তোতা মিয়ার বাড়িতে টিভি দেখতে গেলে কথা কাটাকাটির জেরে হালিমা খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রতিবেশী তোতা মিয়ার বাড়িতে টিভি দেখতে যান হালিমা খাতুন। এসময় প্রতিদিন কেন টিভি দেখতে আসেন হালিমা খাতুন, এটা নিয়ে তোতা মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তোতা মিয়ার ছেলে মোজ্জাম্মেল পাইপ দিয়ে পিটিয়ে হালিমা খাতুনকে গুরুতর আহত করে। এ সময় হালিমাকে রক্ষা করতে গিয়ে তার দুই ছেলেও আহত হয়। পরে হালিমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।