মেয়াদপূর্ণ বা আসন শূন্য হলেই এমপিদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল


News Desk
মেয়াদপূর্ণ বা আসন শূন্য হলেই এমপিদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল
  • Font increase
  • Font Decrease

রাজধানীতে সংসদ সদস্যদের থাকার জন্য সংসদ সচিবালয় থেকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। তবে সেই ফ্ল্যাট বরাদ্দে নেই কোনো নীতিমালা। ফলে কোনো সংসদ সদস্য মারা গেলে বা সংসদের মেয়াদপূর্ণ হলেও পরবর্তী সংসদ গঠন না হওয়া পর্যন্ত এমপিরা সেই ফ্ল্যাটে বসবাস করে আসতেন। অনেক সময় এমপি না হয়েও ফ্ল্যাটে থাকায় সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ‘ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা’ করার পরিকল্পনা করছে সংসদ সচিবালয়।

একাদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটির’ বৈঠকে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। সংসদ কমিটির ৬ষ্ঠ বৈঠকের কার্যপত্র থেকে পাওয়া তথ্যে বিশ্লেষণ করে দেখা গেছে আলোচ্যসূচির-গ: তে উল্লেখ করা হয়েছে-সংসদ সদস্যদের নামে ফ্ল্যাট বরাদ্দ প্রদানের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। তবে সংসদ সদস্যদের আবেদনের প্রেক্ষিতেই ফ্ল্যাট বরাদ্দ প্রদান করে থাকে। ফ্ল্যাট বরাদ্দ প্রদান, সার্ভিস চার্জ বাবদ কর্তন, মেয়াদ শেষে খালিকরণ, একজন সংসদ সদস্যের মৃত্যু হলে অথবা সদস্যপদ শূন্য হলে ফ্ল্যাটটি কতদিনের মধ্যে খালি করা হবে, ফ্ল্যাটে আসবাবপত্র ও অন্যান্য আনুসাঙ্গিক মালামাল সরবরাহ ইত্যাদি বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

নীতিমালার জন্য খসড়া প্রস্তাবনা ১ এ বরাাদ্দকৃত ফ্ল্যাটে সংসদ সদস্য যদি ব্যক্তিগত কোনো আসবাবপত্র অথবা অন্য কোনো মালামাল ব্যবহার করেন তাহলে উক্ত আসবাবপত্র/মালামালের তালিকা সম্পর্কে সদস্য ভবন শাখাকে লিখিতভাবে অবিহত করতে হবে এবং ফ্ল্যাট ছেড়ে দেওয়ার সময় উক্ত আসবাবপত্র/মালামাল সংশ্লিষ্ট কেয়ারটেকারের নিকট রক্ষিত রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ছাড়পত্র গ্রহণ করতে হবে।

২ নং প্রস্তাবনায় বলা হয়েছে- সংসদ সদস্যের মেয়াদ পূর্তিতে অথবা সংসদ সদস্যদের পদ শূন্য হলে ফ্ল্যাটের বরাদ্দ বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্য ভবন শাখার অনুকূলে ফ্ল্যাটের দখলভার বুঝিয়ে দিতে হবে। অন্যথায় পরবর্তী প্রতি মাসের জন্য ফ্ল্যাটের ভাড়া বাবদ ৭০ হাজার টাকা করে তার শেষ পারিতোষিক ভাতাদি হতে কর্তন করা হবে।

৩নং প্রস্তাবনায় বলা হয়েছে-১৮০০ বর্গফুট ফ্ল্যাটের জন্য মাসিক ৬০০ টাকা এবং ১২৬০ ও ১২৫০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য মাসিক ৪০০ টাকা সার্ভিস চার্জ প্রদান করার প্রস্তাব করা হয়েছে। এই সার্ভিস চার্জ সংসদ সদস্যদের প্র্রাপ্য মাসিক পারিতোষিক ও ভাতার বিল হতে কর্তন করা হবে।

প্রস্তবনা-৪ এ বলা হয়েছে-যদি কোনো মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী অথবা সমমর্যাদা সম্পন্ন কেউ সংসদ সদস্য ভবনসমূহের ফ্ল্যাটে বসবাস করতে আগ্রহী হন তাহলে তিনি সরকার থেকে যে বাড়ি ভাড়া প্রাপ্য হবেন তার সম্পূর্ণ অংশ সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটের ভাড়া তার পারিতোষিক ও ভাতাদি হতে কর্তন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পত্র প্রেরণ করা হবে।

প্রস্তাবনা-৫ এ বলা হয়েছে- বরাদ্দকৃত ফ্ল্যাটে স্বামী/স্ত্রী, ছেলে-মেয়ে ও বাবা মা এবং শ্বশুর-শাশুড়ি ব্যতিত অন্য কেউ অবস্থান করতে পারবে না। এর ব্যত্যয় হলে ফ্ল্যাটের বরাদ্দপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রস্তবনা-৬ এ বলা হয়েছে- বরাদ্দপত্র জারির এক মাসের মধ্যে ফ্ল্যাটের দখলভার বুঝে নিতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিল বলে গণ্য হবে।

প্রস্তাবনা-৭ এ বলা হয়েছে- যে সকল সংসদ সদস্যের ঢাকায় নিজস্ব বাড়ি/ফ্ল্যাট নেই, বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পবেন।

প্রস্তাবনা-৮ ফ্ল্যাটের বিদ্যুতের/গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপন করা হলে ‍নিজেদেরকে বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করতে হবে।