প্রিন্স অফ ওয়েলস বেকারিকে এক লাখ টাকা জরিমানা
পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় অবস্থিত ‘প্রিন্স অফ ওয়েলস বেকারি অ্যান্ড কনফেকশনারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে বেকারিতে খাদ্য উৎপাদনে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়। এসময় বেকারি কর্তৃপক্ষ খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্টদের রসিদ বা চালান এবং যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্থ্য সনদ, হালনাগাদ লাইসেন্সসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী বেকারির পরিচালককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় বেকারি কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


