যাদের ঘিরে আবর্তিত বিশ্ব রাজনৈতিক দৃশ্যপট

যাদের ঘিরে আবর্তিত বিশ্ব রাজনৈতিক দৃশ্যপট

সদ্য বিগত ২০১৯ সালে আন্তর্জাতিক অঙ্গন মাতিয়েছেন তারা। বিশ্বের রাজনৈতিক মঞ্চের পুরোটা জুড়েই ছিল তাদের দাপট। আলোচনা-সমালোচনা কিংবা নিন্দা-প্রশংসায় তারা আকর্ষণ করেছিলেন সকলের দৃষ্টি। তারা ছিলেন ২০১৯ সালে বিশ্বরাজনৈতিক মঞ্চের কুশীলব। বছরের পুরোটা সময়ই তাদেরকে ঘিরে আবর্তিত হয়েছে আন্তর্জাতিক রাজনীতির দৃশ্যপট।

বছর জুড়েই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাদের নিয়ে তৈরি হয়েছিল নানা ইস্যু। তারা আলোচনার পাশাপাশি জন্ম দিয়েছেন অনেক সমালোচনার। বছরের বিভিন্ন সময় তাদের কর্মকাণ্ডে প্রশংসা কিংবা নিন্দার ঝড় উঠেছে গণমাধ্যমে এমনকি নিজের দেশে বা আন্তর্জাতিক অঙ্গনে।

২০১৯ সালে বিশ্বমঞ্চে এমন অনেক নেতার দেখা পাওয়া গেছে, যারা নিন্দার ছিলেন নির্লিপ্ত, খামখেয়ালীতে ছিলেন লাগামছাড়া, সমালোচনায় ছিলেন ভ্রূক্ষেপহীন, শক্তি ও ক্ষমতার ব্যবহারে ছিলেন অতি উগ্র মনোভাবাপন্ন। অতীতে বিশ্ব রাজনীতির মঞ্চের দুই-চার জন নেতার ব্যক্তিত্ব আলোচনার টেবিলে উঠে আসলেও ২০১৯ সালে তেমন আলোচিত-সমালোচিত নেতার তালিকা বেশ বড়। শুধু ইউরোপ বা আমেরিকায় নয়, এশিয়া বা আফ্রিকায় এমন নেতার দেখা পাওয়া গেছে, নানা কথা ও কাজের জন্য মানুষ তাদেরকে মনে রাখবে। ২০১৯ সাল বিদায় নিলেও তাদের ইমেজ বিদায় নেবে না আন্তর্জাতিক অঙ্গন থেকে। ইতি বা নেতিবাচক কারণে মানুষের মনে অনেক দিন রয়ে যাবে তাদের নাম।

বার্তা২৪.কম বিশ্লেষণ করেছে ২০১৯ সালে বিশ্ব রাজনৈতিক মঞ্চে সরব এমনই কয়েকজন আলোচিত-সমালোচিত আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বকে, যাদেকে বলা যেতে পারে বিগত বছরের বৈশ্বিক দৃশ্যপটের প্রধান কুশীলব:

ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন বিশিষ্ট ব্যবসায়ী ও লেখক হিসেবে রাজনীতি ও প্রশাসনে এসেই সবার নজরে চলে আসেন নানা কর্মকাণ্ডের মাধ্যমে।

যদিও তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা হাতে নেওয়ার আগে থেকেই তুমুল সমালোচনার জন্ম দেন এবং নির্বচনী প্রচারণার কাজের শুরুতেই অসংলগ্ন কটূক্তি আর লাগামছাড়া কথাবার্তার জন্য নিন্দার সম্মুখীন হন। মার্কিন নেতাকে এক অর্থে বিশ্ব নেতা হলেও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি বিশ্ব নেতা তো অনেক দূরের কথা, তার পূর্বসূরি নেতৃত্বকেও করেছেন হেয় প্রতিপন্ন।

রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট কাজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থতার পাশাপাশি তিনি চীন, রাশিয়া, ইরাক, উত্তরকোরিয়া শেষমেশ যুক্তরাজ্যের সঙ্গেও সম্পর্ক প্রশ্নবিদ্ধ করেছেন। চীনের সঙ্গে বাণিজ্যিক অবস্থার অবনতি, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ইস্যুতে জলঘোলা, ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে বিতর্ক, আফগানিস্থানের সঙ্গে শান্তি চুক্তিতে ব্যর্থ, উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে বিতর্ক ইত্যাদি কাজ করে সমালোচিত হন তিনি।