১৫ আগস্ট, সিআইএ এবং জিয়া
সম্প্রতি মুক্ত হওয়া ও প্রকাশিত মার্কিন গোপন দলিল মারফত জানা যায় ১৯৭৩ থেকেই খুনি চক্র মার্কিন দূতাবাসের সাথে যোগাযোগ শুরু করে। মার্কিন দূতাবাস সে সময় থেকে ধারণা করা শুরু করে মুজিব উৎখাত আসন্ন। ’৭৪ এর মাঝামাঝির আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে প্রতিরক্ষা এটাশে ছিল না। ফলে খুনিদের অনেকেই বুঝে উঠতে পারেনি তাদের কার সাথে যোগাযোগ করা উচিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো কয়েকটি বার্তায় দেখা যায় বোস্টার লিখেছেন তার একজন কর্মকর্তার সাথেই কথা হয়েছে এবং আগত অফিসারের নাম মেজর মহিউদ্দিন।
’৭৪ সালে কতক খুনিদের কারো কারো সাথে ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের এক অপ্রীতিকর ঘটনা ঘটে। তার আগেও খুনিদের কেউ কেউ সরকারি দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যাবহার করেন। এর জের ধরে কয়েকজন অফিসার বরখাস্ত বা অপসারিত হন। এ থেকেই খুনিরা সরকার উৎখাতের বড় পরিকল্পনার দিকে অগ্রসর হয়। ’৭৪ এর শেষ এবং জানুয়ারির প্রথম দিকে খুনিদের—দূতাবাস কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি ধারাবাহিক বৈঠক হয়। সে বৈঠকে খুনিদের পক্ষে মার্কিন সমর্থন নিশ্চিত করা হয়।
’৭৪ এর শেষের দিকে ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন ফিলিপ চেরি। তার পদ সেখানে কী ছিল তা জানা নেই তবে তাকে অনেকেই জানত রাজনৈতিক কর্মকর্তা হিসেবে। তবে পরে তিনি পরিচিত হয়েছেন সিআইএ ঢাকা স্টেশন প্রধান হিসেবে। ’৭৪ এর শেষের দিকে মার্কিন রাষ্ট্রদূত ইগুয়েন বোস্টার মোটামুটি অবহিত হন সরকার পতন আসন্ন। তিনি তার সিআইএ স্টাফদের এ প্রক্রিয়ায় যুক্ত থাকতে নিষেধ করে দেন। চেরি কিন্তু সে নিষেধ মানেননি। তিনি সরাসরি খুনিদের সাথে যোগাযোগ না করলেও খুনিদের পক্ষে আসতে পারে এমন সিনিয়র কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। হয়তো তার ওপর কেন্দ্রীয় সিআইএর গোপন নির্দেশনা ছিল। সিআইএ কর্মকর্তা চেরি আগেই জানতেন সেনা প্রধান শফিউল্লাহ এবং তার সিজিএস খালেদ মোশাররফ ভারত অনুগত তাই তিনি এদের বাদ দিয়ে পূর্ব পরিচিত সেনা উপপ্রধান জিয়াকে পছন্দ করলেন। জিয়ার সাথে তার আগেই পরিচয় ছিল। জিয়া ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর চৌকস গোয়েন্দা। আইএসআই-এ থাকাকালীন প্রায় দীর্ঘ ৪ বছর ক্যাপ্টেন জিয়া সিআইএ-র সাথে কাজ করেছেন। এতে সিআইএ-র অনেকের সাথে তার সদ্ভাব গড়ে উঠেছিল। সিআইএ-র এজেন্ট হিসেবে জিয়া তখন তিব্বতীয় গেরিলাদের উত্তরবঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম তদারক করতেন। সিআইএ এ সময়ে চীনের বিরুদ্ধে তিব্বতীয় গেরিলা দ্বারা চীনের তিব্বতের পরিস্থিতি অবনতি করার কর্মসূচি নিয়েছিল। আর এজন্য তারা যুগপৎভাবে ভারত এবং পাকিস্তানে তিব্বতীয় গেরিলাদের প্রশিক্ষণ দিত। এক দেশের বিষয়টি অপর দেশ জানত না।
shuvo